ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

হন্ডুরাসে নারীদের কারাগারে সহিংসতায় নিহত ৪১

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নারী কারাগারের ভেতর দুই পক্ষের সহিংসতায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৪১ জনের প্রাণহানি ঘটেছে।


গতকাল মঙ্গলবার এ সহিংসতার ঘটনা ঘটে। খবর বিবিসি নিউজের।


প্রতিবেদনে বলা হয়, কারাগারের ভেতর দুই গ্রুপের মধ্যে প্রথমে সংঘর্ষ বাধে। যার মধ্যে একটি গ্রুপ সেলের ভেতর আগুন ধরিয়ে দেয়। কারা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। তবে তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধও হয়েছিলেন।


যারা এ সহিংসতার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হন্ডুরাসের উপ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জুলিসা ভিলানুভা। তিনি আহতদের উদ্ধার এবং সহিংসতা থামাতে তাৎক্ষণিকভাবে দমকলকর্মী, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ অনুমোদন করেন।


তিনি বলেছিলেন, মানুষের জীবনহানি সহ্য করা হবে না।


রাজধানী তেগুসিগালপা থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই কারাগারটিতে এক সঙ্গে ৯০০ বন্দি থাকতে পারেন। যারা নিহত হয়েছেন, তারা সবাই কয়েদি কিনা সেটি এখনো নিশ্চিত নয়। এ ঘটনায় আহত কয়েকজন বন্দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


কারাগারে আটক বন্দিদের পরিবারের প্রতিনিধিত্বকারী ডেলমা ওরডোনেজ জানিয়েছেন, সহিংসতায় কারাগারটির একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিয়োতে দেখা যাচ্ছে, নারী কারাগারটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।


কয়েক দিন আগে দেশটির সরকারি দপ্তরগুলোতে শুদ্ধি অভিযান চালানো হয়। এর পর হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে যায়। দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে যেসব মাদক পাচার হয়, সেগুলো হন্ডুরাস প্রতিবেশী এলসালভাদর এবং গুয়েতেমালা হয়ে আসে।

ads
ads
ads

Our Facebook Page

↑